শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্, december ১৪, ২০২৫

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তারা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, আহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আগতদের সঙ্গে কুশল বিনিময় করেন।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী পরিকল্পিতভাবে দেশের খ্যাতিমান শিক্ষক, লেখক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক ও সংস্কৃতিকর্মীদের হত্যা করে। উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে মেধাশূন্য ও পঙ্গু করে দেওয়া।

এর দুই দিন পর, ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

প্রতিবছর ১৪ ডিসেম্বর গভীর শোক, বেদনা ও শ্রদ্ধার সঙ্গে জাতি শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে। এই দিনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বেদনাদায়ক ও কলঙ্কময় অধ্যায় হিসেবে চিহ্নিত।

Nagad