জিগাতলায় হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
রাজধানীর জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমী নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, হাজারীবাগ থানাধীন জিগাতলা এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর চারটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জান্নাতারা রুমীর মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
থানার পরিদর্শক (অপারেশন) দেলওয়ার হোসেন জানান, জান্নাতারা রুমী এনসিপির ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়কারী ছিলেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

