ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা জানান, রাষ্ট্রীয় শোক দিবসে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি শুক্রবার দেশের সব মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা করা হবে।
ভাষণে প্রধান উপদেষ্টা আরও বলেন, ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
এর আগে, গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তিনি ঢাকা-৮ আসনে জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় নির্বাচনী প্রচারণার সময় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হামলার ঘটনায় এ পর্যন্ত ১৪ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। হামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর শেখ অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়েছেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, নিহত ওসমান হাদি হত্যার হুমকি পাওয়ার বিষয়টি আগেই প্রকাশ্যে জানিয়েছিলেন। গত নভেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দেশি-বিদেশি বিভিন্ন নম্বর থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার কথা উল্লেখ করেছিলেন।

