রেলপথ উন্নয়নে ৬৮.৮ কোটি ডলার দেবে এডিবি
চট্টগ্রাম-দোহাজারী রেলপথ উন্নয়নে বাংলাদেশকে ৬৮ কোটি ৮০ লাখ ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সোমবার (২২ ডিসেম্বর) এডিবি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে এ সংক্রান্ত ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রাজধানীর ইআরডি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ঋণচুক্তিতে সই করেন ইআরডির সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
চট্টগ্রাম–দোহাজারী রেলওয়ে প্রকল্পের আওতায় প্রায় আড়াই কিলোমিটার বাইপাস রেলপথ নির্মাণ করা হবে। এর ফলে চট্টগ্রাম রেলস্টেশনে না থেমেই ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল সম্ভব হবে। প্রকল্পটির মূল লক্ষ্য ঢাকা–চট্টগ্রাম–কক্সবাজার করিডরে নিরবচ্ছিন্ন রেল সংযোগ স্থাপন, যা আঞ্চলিক পরিবহণ দক্ষতা বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং বলেন, এই প্রকল্প ঢাকা ও কক্সবাজারের মধ্যে রেলসেবার নির্ভরযোগ্যতা ও দক্ষতা বাড়াবে। একই সঙ্গে সড়কনির্ভর পরিবহণ ব্যবস্থা থেকে রেলমুখী পরিবহণে রূপান্তরেও এটি সহায়ক হবে। এতে পর্যটন ও মৎস্য খাতসহ ঢাকা–চট্টগ্রাম–কক্সবাজার করিডরজুড়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এডিবির তথ্যমতে, ট্রান্স-এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অংশ হিসেবে ঢাকা–চট্টগ্রাম-কক্সবাজার করিডরে বর্তমানে মোট যাত্রী পরিবহণের প্রায় ৩২ শতাংশ এবং পণ্য পরিবহণের ৫৫ শতাংশ পরিচালিত হয়। ফলে এই করিডরে উন্নত রেল অবকাঠামো গড়ে তোলা দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলসহ বিস্তৃত এলাকার অর্থনৈতিক সংযোগ, লজিস্টিকস উন্নয়ন ও সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্পের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে রেল ট্র্যাক উঁচু করা, উন্নত ড্রেনেজ ব্যবস্থা স্থাপন, আধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালু, ডুয়েল গেজ রেললাইন নির্মাণ এবং জ্বালানিসাশ্রয়ী ৩০টি লোকোমোটিভ ক্রয়।

