বিএনপি জোটে ৪ আসন পেল জমিয়তে উলামায়ে ইসলাম
বিএনপি-নেতৃত্বাধীন জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতায় জমিয়তে উলামায়ে ইসলাম চারটি আসন পেয়েছে। প্রাথমিকভাবে দলটি পাঁচটি আসনের দাবি জানালেও আলোচনার পর তিনটি আসনে সমঝোতা হয়। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুপারিশে আরও একটি আসন যুক্ত করে জমিয়তকে মোট চারটি আসন দেওয়া হয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
সমঝোতা অনুযায়ী, সিলেট-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবিব প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিএনপির মহাসচিব জানান, এই চারটি আসনে বিএনপি নিজস্ব কোনো প্রার্থী দেবে না। তবে জমিয়তে উলামায়ে ইসলাম তাদের নিজস্ব নির্বাচনী প্রতীক ‘খেজুর গাছ’ প্রতীকেই নির্বাচনে অংশ নেবে।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত ও অপরিবর্তনীয়। এ সিদ্ধান্তের বিরোধিতা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের পথ রুদ্ধ করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে নির্বাচনী সমঝোতা সম্পন্ন হয়েছে এবং ঘোষিত আসনগুলোতে বিএনপির কোনো প্রার্থী থাকবে না।
অন্যদিকে জমিয়তে উলামায়ে ইসলামের আমির মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, দেশের কল্যাণে জাতীয়তাবাদী শক্তিই সবচেয়ে বেশি আস্থাভাজন। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে।
সংবাদ সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

