নয়াদিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে ঢোকার চেষ্টা, নিরাপত্তা জোরদার
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের সময় ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেছে উগ্রপন্থিরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের নেতৃত্বে একদল বিক্ষোভকারী বাংলাদেশ হাইকমিশনের বাইরে জড়ো হয়ে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকে। বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দিল্লি পুলিশ দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
প্রতিবেদন অনুযায়ী, হাইকমিশনের আশপাশে একাধিক স্তরের ব্যারিকেড স্থাপন করা হলেও কয়েকজন উগ্রপন্থি তা অতিক্রম করার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় এবং পুরো এলাকা কড়া নজরদারিতে রাখা হয়।
এনডিটিভি জানায়, সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা সংস্থাগুলো আগেই সতর্ক অবস্থানে ছিল। হাইকমিশন ভবনের চারপাশে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয় এবং ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত জনবল প্রস্তুত রাখা হয়।
এদিকে একই দিনে ঢাকায় কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার সকাল ১০টায় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। সূত্র: এনডিটিভি

