পোস্টাল ব্যালটে নিবন্ধনের সময় বাড়াল ইসি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের শেষ সময় আগে নির্ধারিত ছিল ২৫ ডিসেম্বর পর্যন্ত। তবে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে।
ইসির জ্যেষ্ঠ সচিব আরও জানান, গত ১৯ নভেম্বর থেকে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধন কার্যক্রম শুরু হয়। যেসব প্রবাসী ভোটার এখনো নিবন্ধন করেননি, তারা নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
উল্লেখ্য, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবারের মতো পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করছে নির্বাচন কমিশন, যা নির্বাচন ও গণভোটে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।

