রাজধানীতে ফ্লাইওভার থেকে ছোড়া বোমায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৯:২৩ অপরাহন, december ২৪, ২০২৫

সংগৃহীত ছবি

রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া বোমা বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে একটি বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন সিয়াম। তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

নিহত সিয়ামের স্বজনরা জানান, তিনি একটি বেসরকারি কার ডেকোরেশন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ঘটনার সময় নাস্তা নেওয়ার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। প্রথমে তার পরিচয় নিশ্চিত করা না গেলেও পরে স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বোমা নিক্ষেপের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর থেকে বোমাটি নিচে নিক্ষেপ করা হয়েছে। তবে বোমা নিক্ষেপের পেছনের উদ্দেশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

Nagad