শিক্ষক-শিক্ষার্থীদের ফেসবুক ব্যবহারে সতর্ক করল মাউশি
শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে সতর্কতা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বুধবার (২৪ ডিসেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ এবং ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ অনুযায়ী অনলাইনে আচরণ নিশ্চিত করা বাধ্যতামূলক। এসব বিধান অমান্য করা আচরণবিধি লঙ্ঘনের শামিল এবং অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার জন্য হানিকর ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
এতে আরও উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারি নির্দেশিকা ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ কঠোরভাবে অনুসরণ করতে হবে।
মাউশির পক্ষ থেকে নির্দেশক্রমে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

