রিহ্যাব ফেয়ারে ৩০১ কোটির ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস বিক্রি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৯ অপরাহন, december ২৭, ২০২৫

দেশের আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার ২০২৫-এ মোট ৩০১ কোটি ৯ লাখ ৫৬ হাজার টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে।

মেলার শেষ দিন শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত এই লেনদেনের তথ্য নিশ্চিত করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

রিহ্যাব সূত্র জানায়, এবারের মেলায় ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে ১৭২ কোটি টাকা, প্লট বিক্রি হয়েছে ৭৪ কোটি টাকা এবং বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে ৫৮ কোটি ১১ লাখ ৫১ হাজার টাকা।

এছাড়া বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ৭৭৮ কোটি টাকার ব্যাংক কমিটমেন্ট পাওয়া গেছে, যা আবাসন খাতে বিনিয়োগের ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

গত বছর রিহ্যাব ফেয়ার ২০২৪-এ মোট ৪০৩ কোটি ১২ লাখ ৭৪ হাজার টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছিল। সে বছর ফ্ল্যাটে ২৩০ কোটি টাকা, প্লটে ৯৬ কোটি টাকা এবং বাণিজ্যিক স্পেসে ৭৭ কোটি ১২ লাখ ৭৪ হাজার টাকার লেনদেন হয়। পাশাপাশি ব্যাংক কমিটমেন্ট এসেছিল প্রায় ১ হাজার ৯০ কোটি টাকা।

রিহ্যাবের তথ্যমতে, ২০২৩ সালে কোনো রিহ্যাব ফেয়ার অনুষ্ঠিত হয়নি। সে বছর বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে রিহ্যাবে প্রশাসক নিয়োগ দেওয়া হলে মেলা আয়োজন সম্ভব হয়নি।

Nagad

এর আগে ২০২২ সালের রিহ্যাব ফেয়ারে প্রায় ৩৫১ কোটি ১৬ লাখ টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছিল। সে সময় ব্যাংকগুলো থেকে প্রায় ১ হাজার কোটি টাকার প্রতিশ্রুতি পাওয়া যায়।

আর ২০২১ সালের রিহ্যাব ফেয়ারের শেষ দিন বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৩৯৭ কোটি ৩৮ লাখ টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছিল। এর মধ্যে ফ্ল্যাটে ১৯৮ কোটি টাকা, প্লটে ১২৫ কোটি টাকা এবং বাণিজ্যিক স্পেসে ৭৪ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়। সে বছর ব্যাংক কমিটমেন্ট আসে প্রায় দেড় হাজার কোটি টাকা।

রিহ্যাব নেতারা জানান, চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও এবারের মেলায় ক্রেতাদের আগ্রহ ছিল উল্লেখযোগ্য। নীতিগত সহায়তা ও ব্যাংক ঋণ সুবিধা অব্যাহত থাকলে আগামী দিনে আবাসন খাতে লেনদেন আরও বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।