ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪ অপরাহন, december ২৮, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ সংসদীয় আসন থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে তার পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সকাল ১০টা ৫০ মিনিটে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, এর আগে ঢাকা-১৭ আসনটি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। তবে তারেক রহমান এই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসছে।

ঢাকা-১৭ আসনে তারেক রহমান প্রার্থী হওয়ায় বিএনপি আন্দালিভ রহমান পার্থকে ভোলা-১ আসন ছেড়ে দেবে বলেও দলীয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, তারেক রহমানের নিজ এলাকা বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করার বিষয়টি আগেই চূড়ান্ত ছিল এবং ওই আসনের মনোনয়নপত্রও ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে।

Nagad