অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়াল এনবিআর
অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় দ্বিতীয় দফায় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিটার্ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) এনবিআরের সচিব মো. একরামুল হকের সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।
এর আগে এক দফা সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হয়েছিল। যদিও আয়কর আইন অনুযায়ী সাধারণত ৩০ নভেম্বরই রিটার্ন দাখিলের শেষ দিন।
এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সামনে জাতীয় নির্বাচন এবং অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ায় করদাতাদের বাড়তি সুবিধা দিতেই এই সময় বাড়ানো হয়েছে। অনেক করদাতার অনলাইন ব্যবস্থায় প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্প্রতি রিটার্ন জমার সময় বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছিলেন, বিষয়টি রাষ্ট্রীয় সিদ্ধান্তের সঙ্গে জড়িত। সরকার চাইলে সময় বাড়াতে পারে।
এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত ২৬ লাখের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন। গত আগস্ট থেকে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে এনবিআর।

