বাংলাদেশের প্রসঙ্গ টেনে কটাক্ষের শিকার বলিউড অভিনেত্রী জাহ্নবী
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টকে কেন্দ্র করে তাকে কটাক্ষ করেছেন ভারতীয় ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠী—এমনটাই দাবি করছেন নেটিজেনরা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কিছুদিন আগে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি পোস্ট দেন জাহ্নবী কাপুর। ওই পোস্টে তিনি দীপু দাসের হত্যাকাণ্ডের নিন্দা জানান। এরপরই সামাজিক মাধ্যমে জাহ্নবীকে লক্ষ্য করে কটাক্ষ শুরু হয় বলে অভিযোগ ওঠে।
এরই মধ্যে একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়-বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে কথা বলায় জাহ্নবী কাপুরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে এবং তার সৌন্দর্য নিয়েও কটাক্ষ করছেন ধ্রুব রাঠী।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ধ্রুব রাঠী। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি নিজেই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভিডিও বানিয়েছি। সুতরাং এই বিষয় নিয়ে জাহ্নবীকে আমি কেন সমালোচনা করব? আমি ঘুরিয়ে কথা বলি না। যা বলি, সরাসরি বলি। না আমি তোমার বাবাকে ভয় পাই, না কোনো বলিউড তারকাকে।”
উল্লেখ্য, ধ্রুব রাঠী বলিউড নিয়ে খোলামেলা সমালোচনার জন্য পরিচিত। এর আগেও তিনি রণবীর সিং অভিনীত চলচ্চিত্র ‘ধুরন্ধর’ নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন এবং ছবিটির পরিচালককেও নিশানা করেছেন।
এই ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা এখনো চলছে।

