যুদ্ধ-সংঘাত, দুর্যোগ আর রাজনীতির দোলাচলে ২০২৫: বিশ্বের আলোচিত ১০ ঘটনা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্, december ২৯, ২০২৫

ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের। ফাইল ছবি

নতুন বছরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বিদায়ী ২০২৫ সালে বিশ্বজুড়ে ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলোর দিকে ফিরে তাকানো হচ্ছে। রাজনীতি, যুদ্ধ–সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ, প্রযুক্তি ও আন্তর্জাতিক কূটনীতিতে নানা ঘটনার কারণে বছরজুড়ে আলোচনায় ছিল বিশ্ব। এক নজরে তুলে ধরা হলো ২০২৫ সালের বিশ্বের ১০টি আলোচিত ঘটনা।

২০২৫ সালের ৮ মে ইতিহাস গড়ে ক্যাথলিক চার্চের প্রথম আমেরিকান পোপ নির্বাচিত হন শিকাগোতে জন্ম নেওয়া কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। পোপ লিও চতুর্দশ নামে দায়িত্ব নেওয়ার পর তিনি শান্তি, সামাজিক ন্যায়, অভিবাসী ও পরিবেশ সুরক্ষায় গুরুত্ব দিয়ে বিশ্বব্যাপী আলোচনায় আসেন।

মে মাসের শুরুতে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র সামরিক উত্তেজনা দেখা দেয়। চার দিনব্যাপী সংঘর্ষে দুই দেশই ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় জড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হলেও সম্পর্ক স্বাভাবিক হয়নি।

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করে ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা। হামাসের একটি আবাসিক কম্পাউন্ড লক্ষ্য করে চালানো ওই হামলায় হতাহতের ঘটনা ঘটে। এটি উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের প্রথম সরাসরি সামরিক হামলা হিসেবে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

ইউরোপে আলোড়ন তোলে প্যারিসের ল্যুভর মিউজিয়ামে সংঘটিত রত্ন চুরির ঘটনা। ১৯ অক্টোবর মাত্র কয়েক মিনিটের অভিযানে ফরাসি ক্রাউন জুয়েলসের অমূল্য রত্ন লুট হয়। এই ঘটনায় বিশ্বের অন্যতম সুরক্ষিত জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে।

এশিয়ায় শোকের ছায়া নামে ১২ জুন ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিধ্বস্ত হওয়ার ঘটনায়। এতে বিমানের যাত্রী ও ক্রুসহ ২৬০ জনের মৃত্যু হয়। এটি দশকের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

Nagad

রাজনৈতিক অঙ্গনে বড় ঘটনা ছিল ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ। ক্ষমতায় ফিরে তিনি অভিবাসন, বাণিজ্য ও জাতীয় নিরাপত্তায় কঠোর নীতি গ্রহণ করেন, যা বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলে।

বিশ্ব অর্থনীতিতে আলোচনার জন্ম দেয় যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ নীতি। ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কের কারণে আন্তর্জাতিক বাণিজ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং বহু দেশ নতুন করে বাণিজ্য আলোচনায় বসতে বাধ্য হয়।

প্রযুক্তি বিশ্বে আলোচনায় আসে চীনা এআই স্টার্টআপ ডিপসিক। কম খরচে শক্তিশালী এআই মডেল উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠানটি বৈশ্বিক প্রযুক্তি বাজারে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করে।

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয় মিয়ানমার। ২৮ মার্চ দেশটিতে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষের প্রাণহানি ঘটে এবং বিপুল ক্ষয়ক্ষতি হয়, যা দেশটির ইতিহাসে অন্যতম বড় দুর্যোগ।

দক্ষিণ এশিয়ার আরেকটি আলোচিত ঘটনা ছিল নেপালে জেনারেশন জেডের নেতৃত্বে ব্যাপক আন্দোলন। সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনের মুখে সরকার পতন ঘটে এবং দেশটির রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি হয়।

সব মিলিয়ে যুদ্ধ, রাজনীতি, দুর্যোগ ও প্রযুক্তিগত পরিবর্তনের কারণে ২০২৫ সাল বিশ্ব ইতিহাসে এক ঘটনাবহুল ও আলোচিত বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।