২৮ দিনে প্রবাসী আয়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি, এলো ৩৫ হাজার ৮১৯ কোটি টাকা
চলতি ডিসেম্বর মাসের প্রথম ২৮ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৯৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৫ হাজার ৮১৯ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের ডিসেম্বরের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪২ কোটি ১০ লাখ ডলার। সে হিসেবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২১ দশমিক ৩০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে এক হাজার ৫৯৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।
এর আগের বছর একই সময়ে, অর্থাৎ ১ জুলাই থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী আয় ছিল এক হাজার ৩৫৫ কোটি ৮০ লাখ ডলার। ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

