আবারও মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন বুবলী
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে আবারও নতুন গুঞ্জন ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভারতীয় কয়েকটি গণমাধ্যমে দাবি করা হচ্ছে, তিনি নাকি দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন। এমনকি এই সন্তানের বাবার নাম হিসেবেও উঠে এসেছে চিত্রনায়ক শাকিব খান।
সম্প্রতি ভারতীয় একাধিক অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়, ‘বাংলাদেশের নায়িকা শবনম বুবলী ফের মা হতে যাচ্ছেন।’ খবরটি প্রকাশের পর বিষয়টি নিয়ে দেশীয় অঙ্গনেও শুরু হয় আলোচনা।
জানা গেছে, সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে নৃত্য পরিবেশন করেন বুবলী। অনুষ্ঠানে পরা ঘাগরা পোশাক ও সেখানে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের একটি অংশ তার অন্তঃসত্ত্বা হওয়ার দাবি তোলে। সেই দাবিকে কেন্দ্র করেই গুঞ্জন আরও ছড়ায়।
তবে এসব খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন শবনম বুবলী নিজেই। তিনি বলেন, “আমার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের গুজব রটানো হয়। এবারও যে খবরটি ছড়ানো হচ্ছে, সেটি পুরোপুরি গুজব। এর কোনো সত্যতা নেই।”
উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শবনম বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান শেহজাদ খান বীর। প্রথমবার মা হওয়ার আগেও বুবলীর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়েছিল। সেই প্রেক্ষাপটেই এবারও নতুন করে এমন গুঞ্জন ছড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বর্তমানে এসব গুজবে বিরক্তি প্রকাশ করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন চিত্রনায়িকা।

