নির্বাচনে পুলিশের কাজে বাধা দিলেই গ্রেপ্তার: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে হবে। নির্বাচনের সময় পুলিশের আইনি কাজে কেউ বাধা সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করার নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার (২৯ ডিসেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন আইজিপি।
তিনি বলেন, নির্বাচনকেন্দ্রিক কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। প্রাক্-নির্বাচনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দৃশ্যমান উপস্থিতি বাড়ানোর পাশাপাশি নিয়মিত টহল ও চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম জোরদার করতে হবে।
আইজিপি থানা থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তৎপরতা আরও বাড়ানোর নির্দেশ দেন। এ ক্ষেত্রে সরকার ঘোষিত পুরস্কারের বিষয়টি ব্যাপকভাবে প্রচারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় নভেম্বর ২০২৫ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা, মামলা তদন্ত ও বিচার কার্যক্রমের অগ্রগতি, সাজার হারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়।
সভায় দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি অংশ নেন। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম, ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

