দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক পালন চলছে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্, জানুয়রী ১, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ফাইল ছবি

দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া তিন দিনের রাষ্ট্রীয় শোক চলবে আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি, ২০২৬) পর্যন্ত।

রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে আজ দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই শোক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার গভীরভাবে শোকাহত। তার স্মরণে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আগামীকাল শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এর আগে, মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় শোক ও গতকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেন।

বুধবার রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক এ জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন। জানাজা শেষে তাকে সংসদ ভবন এলাকার জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

Nagad

রাষ্ট্রীয় সম্মানের অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি। দাফন অনুষ্ঠানে পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ দেশ-বিদেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনগুলো।