নির্বাচন নিয়ে বিদেশি চাপ নেই, আসামিদের দেশে ফেরাতে চেষ্টা চলছে: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:২২ অপরাহন, জানুয়রী ৩, ২০২৬

সংগৃহীত ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের ওপর বহির্বিশ্বের কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, বর্তমান সরকার নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

শনিবার (৩ জানুয়ারি) মুন্সীগঞ্জে সরকারি বিভিন্ন দফতরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচন নিয়ে আন্তর্জাতিক কোনো চাপ নেই। সরকার দায়িত্ব পালন করছে এবং ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। অন্যান্য দেশ বাংলাদেশের সঙ্গে কীভাবে সম্পর্ক রাখবে, সেটি তাদের নিজস্ব বিষয়।’

এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, বিচার নিয়ে তাড়াহুড়া করার সুযোগ নেই। বিচার একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। তবে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, যাতে আসামিদের দ্রুত আইনের আওতায় আনা যায়।

তিনি আরও বলেন, হাদি হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দেশে ফেরাতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে এখনো শতভাগ নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না আসামিরা কোথায় অবস্থান করছে। ‘আমরা কিছু ইঙ্গিত পেয়েছি, তারা সম্ভবত সীমান্ত পার হয়ে গেছে। নির্দিষ্ট করে কোনো জায়গা শনাক্ত করা গেলে তখন নিশ্চিত করে বলা যেতো,’ যোগ করেন তিনি।

এর আগে সকাল ১১টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁওয়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি উত্তর ইসলামপুর এলাকায় জুলাই আন্দোলনে শহীদ তিনজনের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

Nagad

দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মুন্সীগঞ্জে কর্মরত বিভিন্ন সরকারি দফতরের প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা। সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।