নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সংবর্ধনা আজ
নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হবে আগামীকাল রোববার (৪ জানুয়ারি)। সকাল ১০টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর এজলাস কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
দেশের শীর্ষ আদালতের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং অ্যাটর্নি জেনারেল অফিস যৌথভাবে এ সংবর্ধনার আয়োজন করছে। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, জ্যেষ্ঠ আইনজীবীসহ আইন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
এর আগে গত ২৮ ডিসেম্বর সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, উপদেষ্টাবৃন্দ, প্রধান নির্বাচন কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২৩ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম ডিগ্রি লাভ করেন।
১৯৮৫ সালে জেলা আদালতে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর স্থায়ী বিচারপতি হন। পরবর্তীতে ২০২৪ সালের ১৩ আগস্ট আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন তিনি।
বর্তমান প্রধান বিচারপতি হিসেবে তার অবসর গ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে ২০২৮ সালের ১৭ মে।

