দিল্লি-ঢাকার রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব বাণিজ্যে পড়বে না: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:০৯ অপরাহন, জানুয়রী ৬, ২০২৬

ফাইল ছবি

ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব দেশের অর্থনীতি ও বাণিজ্যে পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ক্রিকেটার মুস্তাফিজকে কেন্দ্র করে সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে, তা দুঃখজনক। তবে এমন ঘটনার সূচনা বাংলাদেশ থেকে হয়নি। এরপরও ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েন দেশের অর্থনীতি ও বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হোক-এটি কেউই চায় না। আলোচনার মাধ্যমেই বিদ্যমান সমস্যার সমাধান করতে হবে। রাজনৈতিক কিংবা অর্থনৈতিক সম্পর্ক নষ্ট হবে না বলেই তিনি আশা প্রকাশ করেন।

এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পৃথকীকরণ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের সময়েই এ প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে।

এদিকে, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, মুস্তাফিজ ইস্যুতে যা ঘটেছে তা ‘ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া’। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর শুভবুদ্ধির উদয় হবে।

Nagad