ওবায়দুল কাদেরসহ ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:১৯ অপরাহন, জানুয়রী ৬, ২০২৬

সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সরকারি জমিতে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা মামলার তদন্তের স্বার্থে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

এর আগে দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা খোরশেদ আলম পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে আদালতে আবেদনটি দাখিল করেন।

দুদকের আবেদনে বলা হয়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১০৬/২০১৮ ও ১০৭/২০১৮ নম্বর সভায় উপস্থিত থেকে সংশ্লিষ্ট আইন ও বিধি লঙ্ঘন করে আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করেছেন। অভিযোগ অনুযায়ী, সরকারি স্বার্থ সংশ্লিষ্ট জমিতে ব্যক্তি স্বার্থে ফ্ল্যাট নির্মাণ প্রকল্প অনুমোদন, নীতিমালা প্রণয়ন এবং নীতি বহির্ভূতভাবে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়। এসব কার্যক্রম গেজেট প্রকাশ ছাড়াই সম্পন্ন করা হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, এসব কর্মকাণ্ড দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

দুদক জানায়, এ ঘটনায় ২০২৬ সালের ১১ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা নম্বর-০৯ দায়ের করা হয়, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তকালে সংস্থাটি জানতে পারে, অভিযুক্ত কয়েকজন আসামি সপরিবারে দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে চলে গেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

Nagad

এ কারণে সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের বিদেশ গমন রহিত করার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়। একই সঙ্গে আদেশের অনুলিপি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (স্পেশাল ব্রাঞ্চ), মালিবাগ এবং তদন্ত কর্মকর্তার কাছে পাঠানোর আবেদন করা হয়।

যাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন-সাবেক মন্ত্রী ও সাবেক এমপি ওবায়দুল কাদের, সাবেক সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সাবেক সচিব মো. নজরুল ইসলাম, মোস্তাফা কামাল উদ্দীন, ড. আহমদ কায়কাউস, মো. আব্দুল জলিল, ড. জাফর আহমেদ খান, সাবেক অর্থ সচিব ও বর্তমান সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, সাবেক সদস্য (সচিব) জুয়েনা আজিজ, সাবেক সচিব মো. মোফাজ্জেল হোসেন, সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আযম, সাবেক সচিব আখতার হোসেন ভূইয়া এবং সাবেক এনবিআর চেয়ারম্যান ড. আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এ বিষয়ে আদালত পরবর্তী শুনানিতে প্রয়োজনীয় আদেশ দেবেন বলে জানা গেছে।