দাবি আদায়ে এলপিজি ব্যবসায়ীদের বিক্রি বন্ধ, চরম ভোগান্তিতে গ্রাহক
সিলিন্ডারের দাম পুনর্নির্ধারণ ও ডিলারদের হয়রানি বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রেখেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। ঘোষণার পর বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে ঢাকাসহ সারা দেশে এলপিজি সিলিন্ডার সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
রাজধানীর ইব্রাহিমপুরসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, অধিকাংশ দোকানেই এলপিজি সিলিন্ডার নেই। দু-একটি দোকানে সীমিত সিলিন্ডার পাওয়া গেলেও দাম রাখা হচ্ছে বেশি। স্থানীয় এক ব্যবসায়ী জানান, ১২ কেজির এলপিজি সিলিন্ডার ২১০০ থেকে ২৩০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। ডিস্ট্রিবিউটর ও কোম্পানি পর্যায় থেকেই বেশি দামে গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বুধবার (৭ জানুয়ারি) রাতে দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার নির্দেশনা দেয় ব্যবসায়ী সমিতি। একই সঙ্গে সব কোম্পানির প্ল্যান্ট থেকে এলপিজি উত্তোলন বন্ধ রাখার ঘোষণাও দেওয়া হয়।
এর আগে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন করে এলপিজির মূল্য সমন্বয় না করা এবং প্রশাসনের মাধ্যমে ডিলারদের হয়রানি ও জরিমানা বন্ধ না করায় তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান বলেন, বৃহস্পতিবার সকাল থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রয়েছে। বিকেল ৩টায় বিইআরসির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দাবি মানা হলে বিক্রি পুনরায় শুরু হবে, অন্যথায় বিক্রি বন্ধ থাকবে।