ঢাকায় অবৈধ আইফোন কারখানা, দুই চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৩
চীনা নাগরিকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাজধানীতে গড়ে ওঠা একটি অবৈধ আইফোন সংযোজন কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা যন্ত্রাংশ দিয়ে সেখানে ভুয়া আইফোন সংযোজন করে তা আসল আইফোন হিসেবে বাজারে সরবরাহ করা হচ্ছিল। এ ঘটনায় দুই চীনা নাগরিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ জানুয়ারি রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টর ও নিকুঞ্জ-১ এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে উত্তরা এলাকা থেকে ৫৮টি আইফোনসহ একজন এবং নিকুঞ্জ-১ এলাকা থেকে ৩০৫টি মোবাইল ফোনসহ দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। এ সময় আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ, সংযোজনের মেশিনারিজ এবং বিদেশি মদও উদ্ধার করা হয়েছে।
ডিবির প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি বিদেশ থেকে আইফোনের বিভিন্ন পার্টস আলাদা করে অবৈধভাবে দেশে এনে একটি গোপন ল্যাবে সংযোজন করত। পরে এসব ভুয়া আইফোন আসল বলে বাজারে ছাড়ত তারা। প্রায় দেড় বছর ধরে এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল চক্রটি এবং এ সময় বিপুলসংখ্যক ভুয়া মোবাইল ফোন বাজারজাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ চক্রের সঙ্গে আরও বাংলাদেশি জড়িত আছে কি না—এমন প্রশ্নে ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, তদন্তে কয়েকজনের নাম পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা যাচ্ছে না।
ডিবি পুলিশ সাধারণ জনগণকে মোবাইল ফোন কেনার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কম দামে ‘অরিজিনাল আইফোন’ বিক্রির প্রলোভনে পড়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। তাই অনুমোদিত ও অফিসিয়াল শোরুম বা বিশ্বস্ত উৎস ছাড়া মোবাইল ফোন না কেনার অনুরোধ জানানো হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

