ঈদ সামনে: মাছ-মাংসের দাম বেড়েছে, কমেছে সবজির
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বাজারে মাছ ও মাংসের দাম বেড়েছে। তবে কিছু সবজির দাম কিছুটা কমেছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল ও নিউ মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে গিয়ে দেখা যায়, গত এক সপ্তাহ ধরে মুরগির দাম ধারাবাহিকভাবে বাড়ছে। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মুরগির দাম প্রায় ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে বাজারে ব্রয়লার, সোনালি, লেয়ার ও দেশি—সব ধরনের মুরগির দামই বেড়েছে। সোনালি মুরগি ৩০ টাকা বেড়ে কেজি প্রতি ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। লেয়ার মুরগি ২০ টাকা বেড়ে ৩১০ টাকায় এবং দেশি মুরগি ৩০ টাকা বেড়ে ৬৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগি ২০ টাকা বেড়ে ২২০ থেকে ২৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
মাংসের বাজারেও দাম বেড়েছে। গরুর মাংস কেজি প্রতি ৩০ টাকা বেড়ে এখন ৭৮০ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও ৮০০ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে। এছাড়া গরুর কলিজা ৭০০ থেকে ৮০০ টাকা, মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা এবং খাসির মাংস কেজি প্রতি প্রায় ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে সবজির বাজারে কিছুটা স্বস্তি দেখা গেছে। শিম ৪০ থেকে ৫০ টাকা, টমেটো ৩০ থেকে ৬০ টাকা, দেশি গাজর ৪০ থেকে ৫০ টাকা, মূলা ৪০ টাকা এবং শালগম ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফুলকপি প্রতি পিস ৪০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা এবং লাউ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া বরবটি ১০০ টাকা, বেগুন ৫০ থেকে ৮০ টাকা, কচুর লতি ১০০ থেকে ১২০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, পটল ৮০ টাকা এবং ধুন্দল ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম কেজিতে প্রায় ২০ টাকা কমে এখন ৮০ থেকে ১০০ টাকায় নেমেছে। লেবু হালি প্রতি ৩০ থেকে ৫০ টাকা। দেশি শসা ৮০ টাকা, হাইব্রিড শসা ৪০ টাকা এবং খিরাই শসা কেজি প্রতি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারে ৩০০ গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি প্রায় ১২০০ টাকা এবং ৫০০ গ্রামের ইলিশ ১৫০০ থেকে ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। রুই মাছ ৩৫০ থেকে ৪৫০ টাকা, পাঙ্গাস ১৭০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া প্রায় ২০০ টাকা এবং চিংড়ি ৮০০ থেকে ১৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

