জ্বালানির কৃত্রিম সংকট ঠেকাতে ২৯৩ অভিযান, ৭৮ মামলায় জরিমানা ৩ লাখ টাকা
দেশব্যাপী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে জোরদার তদারকি কার্যক্রম চালাচ্ছে সরকার। এর অংশ হিসেবে ৬২টি জেলায় একদিনে ২৯৩টি অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
এসব অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৭৮টি মামলা দায়ের করা হয়েছে এবং মোট ৩ লাখ ১৫ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বচ্ছ ও কার্যকর রাখতে জেলা পর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে। মাঠ প্রশাসনের সহায়তায় পরিচালিত এসব অভিযানে পেট্রোল পাম্প, ডিপো, পরিবহন ও খুচরা বিক্রয় পর্যায়ে অনিয়ম প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মজুত কিংবা নির্ধারিত দামের বেশি আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়।
এছাড়া জ্বালানি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। একই ধারাবাহিকতায় ঢাকা ও আশপাশের এলাকায় অভিযান অব্যাহত থাকবে।
সরকারি সূত্র জানায়, জ্বালানি খাতে অনিয়ম দ্রুত শনাক্ত ও প্রতিরোধে দেশের ৬৪টি জেলায় ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে এবং এসব টিমের যোগাযোগ নম্বর প্রকাশ করা হয়েছে। কোনো অনিয়ম বা অবৈধ মজুতের তথ্য পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রণালয় আশা করছে, প্রশাসনের তৎপরতা ও জনসচেতনতার সমন্বয়ে বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ পাবে না অসাধু চক্র।

