ফেসবুক-গুগলসহ ১৫ মার্কিন প্রযুক্তি কোম্পানিতে হামলার হুমকি ইরানের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৯ অপরাহন, মার্চ ৩১, ২০২৬

উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্রের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের কোম্পানিগুলোকে ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তু’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে এসব প্রতিষ্ঠান এখন থেকে তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচিত হবে।

হুমকির তালিকায় রয়েছে বোয়িং, টেসলা, মেটা, ‍গুগল এবং অ্যাপল সহ অন্তত ১৫টি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান।

আইআরজিসি জানায়, বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে এসব কোম্পানির স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মী ও আশপাশে বসবাসরত সাধারণ মানুষকে দ্রুত এলাকা ত্যাগের আহ্বান জানানো হয়েছে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দেশটির ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তিনি আরও বলেন, ইরান কোনো দুর্বল পক্ষ নয় এবং দেশটির সশস্ত্র বাহিনী আগ্রাসনের জবাবে কঠোর পদক্ষেপ নেবে।

সূত্র: আল জাজিরা।

Nagad