রাহুলের মৃত্যু: আইনি পথে প্রিয়াঙ্কা, তদন্তের দাবি শিল্পীদের
টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। দিঘার তালসারি সৈকতে শুটিং চলাকালে তার মৃত্যুর ঘটনায় ইন্ডাস্ট্রিজুড়ে শোকের পাশাপাশি ক্ষোভও দেখা দিয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না—এ নিয়ে এখনো স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
ঘটনার পর থেকেই শিল্পীদের মধ্যে বাড়ছে উদ্বেগ। অভিনেত্রী চৈতি ঘোষালসহ অনেকেই এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। প্রযোজনা সংস্থার নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় শিল্পীদের সংগঠন আর্টিস্ট ফোরাম বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে।
সম্প্রতি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাসভবনে আয়োজিত এক বৈঠকে রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারসহ একাধিক তারকা উপস্থিত ছিলেন। ওই বৈঠক থেকে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রিয়াঙ্কা সরকার বুধবার মামলা করার উদ্যোগ নিচ্ছেন।
সূত্র জানিয়েছে, প্রযোজনা সংস্থার কাছে শিগগিরই আইনি নোটিশ পাঠানো হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচিও বিবেচনা করা হচ্ছে।
এদিকে, ঘটনার তদন্তে নতুন নতুন তথ্য সামনে এলেও পুরো ঘটনার চিত্র এখনো অস্পষ্ট। পুলিশ ইতোমধ্যে শুটিং ইউনিটের সদস্য, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাসহ ১০ থেকে ১২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে।
প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা গেছে, সমুদ্রে নামার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ গভীরতা বেড়ে গেলে ভারসাম্য হারান রাহুল। তবে তাকে উদ্ধারের সময় নিয়ে ভিন্নমত রয়েছে। কেউ বলছেন দ্রুত উদ্ধার করা হয়েছিল, আবার স্থানীয়দের দাবি, দীর্ঘ সময় তিনি নিখোঁজ ছিলেন।
ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে দীর্ঘ সময় পানির নিচে থাকার ইঙ্গিত পাওয়া গেছে। এতে ফুসফুস, খাদ্যনালি ও পাকস্থলীতে বালি ও নোনা পানি প্রবেশের বিষয়টি উল্লেখ করা হয়েছে, যা উদ্ধার প্রক্রিয়া নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে।
সব মিলিয়ে এই মৃত্যুকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। প্রকৃত কারণ উদঘাটন এবং দায় নির্ধারণে এখন আইনি পথেই এগোচ্ছেন সংশ্লিষ্টরা।

