সংবিধান সংশোধনে শিগগিরই বিশেষ কমিটি: চিফ হুইপ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৫৯ অপরাহন, এপ্রিল ১, ২০২৬

সংবিধান সংশোধনের লক্ষ্যে অচিরেই একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে আনুপাতিক হারে প্রতিনিধি রাখা হবে এই কমিটিতে।

বুধবার (১ এপ্রিল) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। চিফ হুইপ বলেন, সরকারি ও বিরোধী দলের পাশাপাশি স্বতন্ত্র সদস্যদের মধ্য থেকেও প্রতিনিধিত্ব রাখা হবে। আগামী রোববারের মধ্যেই কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে।

কমিটির আকার প্রসঙ্গে তিনি জানান, এতে ১৫ থেকে ২০ জন সদস্য থাকতে পারেন। সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। অন্যান্য দল থেকে আইন বিশেষজ্ঞ না পাওয়া গেলেও প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।

সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে নূরুল ইসলাম মনি বলেন, এমনভাবে সংশোধন করা হবে যাতে ভবিষ্যতে বারবার পরিবর্তনের প্রয়োজন না পড়ে। বিরোধী দলের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, “এক হাতে যেমন হ্যান্ডশেক হয় না, তেমনি একপক্ষ নিয়ে সংবিধান সংশোধন সম্ভব নয়।” বিরোধী দল কমিটিতে যুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে বৈঠক শেষে সংসদ সচিবালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদ অধিবেশন কক্ষে উন্নতমানের সাউন্ড সিস্টেম স্থাপন, ইন্টারনেটের গতি বাড়ানো, সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে সংসদ সদস্যদের জন্য বাসা বরাদ্দের সুপারিশ করা হয়েছে।

Nagad

বৈঠকে কমিটির সভাপতি হিসেবে চিফ হুইপ নূরুল ইসলাম মনির পাশাপাশি অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।