নেপাল বাধা পেরিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফাইনালে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বুধবার (১ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে লাল-সবুজের যুবারা শিরোপা লড়াই নিশ্চিত করেছে।
ম্যাচের একমাত্র গোলটি আসে ১১ মিনিটে। ডান প্রান্ত থেকে পাওয়া সেট-পিসে মুর্শেদ আলীর ভাসানো ক্রসে দারুণ হেডে গোল করেন মানিক। শুরু থেকেই বল দখল ও মাঝমাঠের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল বাংলাদেশ।
প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ হওয়ার সুযোগ তৈরি হয়। যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান বেঞ্জামিন সুলিভান বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। পরে নাজমুলের একটি নিশ্চিত গোল নেপালের গোলরক্ষক দারুণ সেভে রুখে দেন।
ম্যাচের ২৬ মিনিটে থ্রো-ইন সিদ্ধান্ত নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্যালারিতে দুই দলের সমর্থকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
দ্বিতীয়ার্ধে আক্রমণে ফেরে নেপাল। তবে ৫২ মিনিটে বড় ধাক্কা খায় বাংলাদেশ, ইনজুরিতে মাঠ ছাড়েন গোলদাতা মানিক। পরে একইভাবে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন সানি দাসও।
চাপ সামলে রক্ষণাত্মক কৌশলে ম্যাচ ধরে রাখে বাংলাদেশ। শেষ দিকে নেপাল একাধিক সুযোগ তৈরি করলেও সমতায় ফিরতে পারেনি। ইনজুরি সময়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী ডেকলান সুলিভান বদলি হিসেবে মাঠে নামলেও আর কোনো গোল হয়নি।
শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।

