সর্বশেষ হামলায় ১০০ ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহারের দাবি আইআরজিসির
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, সর্বশেষ দফার সামরিক অভিযানে তারা ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্তত ২০০টি রকেট ব্যবহার করেছে। এই হামলায় ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানানো হয়।
আইআরজিসির ভাষ্যমতে, হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং কুয়েতে আল-আদিরি ঘাঁটিকে লক্ষ্য করা হয়। আল-আদিরি ঘাঁটিতে একটি মার্কিন হেলিকপ্টার ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে ইরান।
এছাড়া কুয়েত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার ফলে দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আইআরজিসি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, এই ধরনের অভিযান ‘পূর্ণ শক্তি ও তীব্রতা’ নিয়ে অব্যাহত থাকবে।
অন্যদিকে, কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র দেশটির জলসীমায় থাকা একটি তেলবাহী ট্যাঙ্কারে আঘাত হেনেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান সংঘাত আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে এবং পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
তবে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো ধরনের আলোচনা চলছে না এবং ওয়াশিংটনের প্রতি আস্থা নেই বলেও মন্তব্য করেন তিনি।

