দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-সহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় একটি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা সতর্কতা জারি করে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদরদপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) কামরুল আহসানের সই করা দাপ্তরিক চিঠির মাধ্যমে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ সতর্কতা জারি করা হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, একটি জঙ্গিগোষ্ঠী হামলার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করার চেষ্টা করছে, যা জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এ প্রেক্ষাপটে সম্ভাব্য হামলা প্রতিরোধে পুলিশ সদরদপ্তর সংশ্লিষ্ট ইউনিটগুলোকে ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং গোয়েন্দা তথ্যের সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছে।
এর পরপরই বেবিচক উচ্চমাত্রার সতর্কতা জারি করে এবং বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। বিমানবন্দরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঘিরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। পোশাকধারী ও সাদা পোশাকের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
এছাড়া অ্যারাইভাল ও ডিপারচারসহ সব পর্যায়ে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। কোনো সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

