এবার নারীদের ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:২৪ অপরাহন, এপ্রিল ২৭, ২০২৬

ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের পাশাপাশি এবার নারীদের জন্য ‘এলপিজি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন-‘দেশের প্রতিটি সাধারণ ও নারী প্রধান পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাশাপাশি সরকার এবার ‘এলপিজি কার্ড’ দেওয়ার উদ্যোগ নিয়েছে।’

সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শায় ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

দুপুর ১২টার দিকে শার্শার উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ‘মা-বোনদের একটি বড় কষ্ট রান্না করা। আমরা চাই এলপিজি গ্যাস তাদের কাছে পৌঁছে দিতে, যেন রান্নার জন্য আর কষ্ট করতে না হয়।’

নারীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার অঙ্গীকার ব্যক্ত করে তারেক রহমান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া নারীদের জন্য শিক্ষা ব্যবস্থাকে ফ্রি করে দিয়ে গেছেন। প্রথমবার করেছেন স্কুল পর্যায়, দ্বিতীয়বার করেছেন ইন্টারমিডিয়েট পর্যায়। খালেদা জিয়ার সেই কর্মসূচির অংশকে আমরা আরও সামনে নিয়ে যেতে চাই। এজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ডিগ্রি পর্যন্ত অর্থাৎ উচ্চতর পর্যন্ত বিনামূল্যে ব্যবস্থা করবো। শুধু মেয়েদের শিক্ষা ব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত ফ্রি করব না, একই সঙ্গে আমাদের যে মেয়েরা ভাল রেজাল্ট করতে পারবে তাদের জন্য আমরা উপবৃত্তির ব্যবস্থা করবো যেন সরকার থেকে তারা আরও উচ্চতর শিক্ষা লাভ করতে পারে।

বক্তব্যের শেষে তিনি সব ধর্মের মানুষের প্রতি সম্মান জানিয়ে বলেন, ‘আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম-মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনসহ সব ধর্মের ধর্মগুরুদের জন্য সরকারিভাবে সম্মানীর ব্যবস্থা করবো। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন আমরা ইতোমধ্যেই শুরু করেছি।

Nagad