উৎপাদন সক্ষমতা বাড়াতে ১৭৯ কোটি টাকা বিনিয়োগ করবে এনভয় টেক্সটাইলস

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৩০ অপরাহন, এপ্রিল ২৮, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইলস লিমিটেড উৎপাদন সক্ষমতা বাড়াতে ১৭৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

গত রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২৫২তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। একই সঙ্গে কারখানার জন্য নতুন জমি কেনার বিষয়েও অনুমোদন দিয়েছে বোর্ড।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে আরও জানা যায়, বর্তমান কারখানায় ‘ওপেন-এন্ড (রোটর) স্পিনিং’ উৎপাদন সক্ষমতা দৈনিক ২৫ টন থেকে বাড়িয়ে ৫০ টনে উন্নীত করা হবে। এ প্রকল্পের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ার উচ্ছিষ্ট বা ‘রিকভারড ম্যাটেরিয়ালস’ ব্যবহার করে সুতা উৎপাদন বাড়ানো হবে, যা পরবর্তীতে নিজস্ব ডেনিম উৎপাদনে ব্যবহৃত হবে।

কোম্পানির লক্ষ্য, উৎপাদন প্রক্রিয়ার সমন্বয় ঘটিয়ে কার্যকারিতা ও সক্ষমতা আরও বৃদ্ধি করা।

প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১৭৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে ৭০ শতাংশ ঋণ এবং ৩০ শতাংশ ইকুইটির মাধ্যমে সংগ্রহ করা হবে।

Nagad

আর্থিক প্রক্ষেপণ অনুযায়ী, প্রকল্পটি প্রায় ৪ বছর ৮ মাসে বিনিয়োগ উঠে আসবে এবং ৭ বছর মেয়াদি ঋণ পরিশোধ সক্ষম নগদ প্রবাহ তৈরি করতে পারবে। এছাড়া ১৫ বছরের মেয়াদে ইকুইটির বার্ষিক রিটার্ন হার ২৭.৮ শতাংশ এবং প্রকল্পের মোট বার্ষিক রিটার্ন হার ১৪.৮ শতাংশ হবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া উৎপাদন সম্প্রসারণের অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকায় কারখানার কাছাকাছি ৫০.৩৭ ডেসিমল জমি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৯ লাখ টাকা।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলসের অনুমোদিত মূলধন ৪৭৫ কোটি এবং পরিশোধিত মূলধন ১৬৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভ রয়েছে ৭০০ কোটি ৯৭ লাখ টাকা।

মোট শেয়ারের ৬৫.৪১ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২.৭৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.২৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ১১.৫৮ শতাংশ শেয়ার রয়েছে।