হামের টিকার ধারাবাহিকতা না থাকায় বর্তমান পরিস্থিতি খারাপ: স্বাস্থ্যমন্ত্রী
চার বছর পরপর হামের টিকা দেওয়ার কার্যক্রম চালু থাকার কথা থাকলেও ২০২০ সালের পর সেই ধারাবাহিকতা বজায় না থাকায় বর্তমানে দেশে হামের পরিস্থিতি খারাপ হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (১১ মে) সকালে বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব শিশুদের টিকা দেওয়া হয়েছে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে প্রায় চার সপ্তাহ সময় লাগবে। এরপর ধীরে ধীরে হামের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সরকারের হাতে পর্যাপ্ত হামের ভ্যাকসিন ছিল না। তবে অল্প সময়ের মধ্যে টিকা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে রোগীর সংখ্যাও কিছুটা কমতে শুরু করেছে বলে জানান তিনি।
বরিশাল সফরে সোমবার সকাল ১০টার দিকে সদর হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের শুরুতেই তিনি হাসপাতালের টিকিট কাউন্টারে যান। সেখানে একজন কর্মীকে অনুপস্থিত পেয়ে তাকে সাময়িক বরখাস্ত করেন। পরে চিকিৎসকদের হাজিরা খাতা পর্যালোচনা করেন এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন।

