মুখ্যমন্ত্রী হয়েই বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার উদ্যোগ শুভেন্দুর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৪২ অপরাহন, মে ১১, ২০২৬

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এ লক্ষ্যে আগামী ৪৫ দিনের মধ্যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে প্রয়োজনীয় জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

সোমবার (১১ মে) পশ্চিমবঙ্গ বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ রোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদারে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে। এ জন্য প্রয়োজনীয় জমি বিএসএফকে দ্রুত বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুভেন্দু অধিকারী বলেন, দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত ৪৫ দিনের মধ্যেই জমি বুঝিয়ে দেওয়া হবে।

পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান ইস্যু ছিল বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা। দলটি অভিযোগ করে আসছিল, সীমান্ত নিরাপত্তা দুর্বল থাকায় বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ বেড়েছে এবং রাজনৈতিক কারণে তাদের বসবাসের সুযোগ দেওয়া হয়েছে।

বাংলাদেশের সঙ্গে ভারতের মোট সীমান্ত প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গেই রয়েছে প্রায় ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত।

Nagad

সম্প্রতি অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ক্ষমতায় আসে বিজেপি। ২৯৪ আসনের মধ্যে ২০৭টিতে জয় পায় দলটি। পরে গত ৯ মে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।