৭ পাসপোর্টসহ সীমান্তে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সাব্বির বিন শামস নামে পররাষ্ট্র মন্ত্রণালয়-এর সাবেক এক মহাপরিচালককে (ডিজি) আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট উদ্ধার করা হয়।
শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগে সাব্বির বিন শামস পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের একটি মামলাও রয়েছে।
লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের পর তার চলাফেরায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক সাব্বির বিন শামসকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

