রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:২২ অপরাহন, মে ২১, ২০২৬

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ মে) রাতে পল্লবীর বাসায় গিয়ে তিনি রামিসার শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন।

সূত্র জানায়, সন্ধ্যার পর সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী সরাসরি পল্লবীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে।

এদিকে রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

এর আগে ঘটনার প্রধান আসামি সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে। মামলার অগ্রগতি দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে বলেও প্রশাসন সূত্রে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি ঘিরে রাজধানীতে শোক ও ক্ষোভের পরিবেশ বিরাজ করছে।

Nagad

এর আগে গত মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।