কম্পিউটেক্স ২০২৬–এ মাদারবোর্ড, জিপিইউ ও ল্যাপটপে গিগাবাইটের স্বীকৃতি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫৪ অপরাহন, মে ২১, ২০২৬

বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড গিগাবাইট এর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর একাধিক উদ্ভাবন মর্যাদাপূর্ণ কম্পিউটেক্স ২০২৬ বেস্ট চয়েস অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেয়েছে। মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড এবং ল্যাপটপ-এই তিন ক্যাটাগরিতে কোম্পানিটির প্রযুক্তি উদ্ভাবনকে পুরস্কৃত করা হয়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ স্বীকৃতি তাদের ‘স্কেলেবল এআই কম্পিউটিং’ ভিশনের প্রতিফলন, যেখানে গেমিং ও প্রোডাক্টিভিটি-দুই ক্ষেত্রেই উচ্চ পারফরম্যান্স ও স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

এআই কম্পিউটিংয়ের জন্য নতুন মাদারবোর্ড

পুরস্কার পাওয়া অন্যতম পণ্য এক্স৮৭০ই অরোস এক্সট্রিম এক্সথ্রিডি এআই টপ মাদারবোর্ড, যা স্থানীয় এআই কম্পিউটিংয়ের জন্য বিশেষভাবে তৈরি। এতে থাকা এক্সথ্রিডি টার্বো মোড ২.০ প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডায়নামিক ওভারক্লকিংয়ের মাধ্যমে সিপিইউর ফ্রিকোয়েন্সি, পাওয়ার ও থার্মাল পারফরম্যান্স রিয়েল টাইমে নিয়ন্ত্রণ করে।

এর সঙ্গে রয়েছে উন্নত থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম, সিপিইউ থার্মাল ম্যাট্রিক্স মনিটরিং এবং ডিডিআর উইন্ড ব্লেড এক্সট্রিম অ্যাকটিভ কুলিং, যা দীর্ঘসময় স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করে।

ল্যাপটপে ডেস্কটপ-লেভেল এআই পারফরম্যান্স

Nagad

আরেকটি পুরস্কারপ্রাপ্ত পণ্য অরোস আরটিএক্স ৫০৯০ এআই বক্স, যা ল্যাপটপে ডেস্কটপ-লেভেলের এআই পারফরম্যান্স দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি। এতে এনভিডিয়ার ব্ল্যাকওয়েল আর্কিটেকচারের জিফোর্স আরটিএক্স ৫০৯০ জিপিইউ ব্যবহার করা হয়েছে। প্রযুক্তিটিতে থান্ডারবোল্ট ৫ কানেকশন এবং ৩২ জিবি ভিআরএএম যুক্ত করা হয়েছে, যা একসঙ্গে ৩০০০-এর বেশি এআই টপস পারফরম্যান্স দিতে সক্ষম বলে দাবি করা হয়েছে। এতে জেনারেটিভ এআই, বড় ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ইনফারেন্স এবং হাই-এন্ড গ্রাফিক্স প্রসেসিং সহজ হয়।

এআই-চালিত ল্যাপটপ অরোস মাস্টার ১৬

তৃতীয় পুরস্কারপ্রাপ্ত ডিভাইস অরোস মাস্টার ১৬ ল্যাপটপ, যা দীর্ঘ সময় ধরে স্থিতিশীল পারফরম্যান্সের জন্য ডিজাইন করা হয়েছে। গেমিং, ৪কে ভিডিও এডিটিং, থ্রিডি রেন্ডারিং এবং লোকাল এআই কাজ-সব ক্ষেত্রেই এটি উচ্চ কার্যক্ষমতা দেখাতে সক্ষম। এতে থাকা জিমেট নামের এআই এজেন্ট সিস্টেম ব্যবহারকারীর কাজ অনুযায়ী পাওয়ার, কুলিং এবং পারফরম্যান্স স্বয়ংক্রিয়ভাবে অপটিমাইজ করে। পাশাপাশি উইন্ডফোর্স ইনফিনিটি এক্স কুলিং প্রযুক্তি পাতলা ১৯.৯ মিমি চ্যাসিসেও স্থিতিশীল তাপমাত্রা বজায় রাখতে সহায়তা করে।

এআই ইকোসিস্টেমের লক্ষ্য

গিগাবাইট জানিয়েছে, তাদের লক্ষ্য হলো ডেস্কটপ, ল্যাপটপ এবং এজ ডিভাইস-সব প্ল্যাটফর্মে একটি সমন্বিত এআই ইকোসিস্টেম তৈরি করা, যেখানে উচ্চক্ষমতা সম্পন্ন কম্পিউটিং আরও সহজলভ্য হবে।

কোম্পানিটি বলছে, এই অর্জন ভবিষ্যতের এআই-ভিত্তিক কম্পিউটিং প্রযুক্তির দিকে তাদের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।