অর্থনীতি পুনরুজ্জীবনে ৬০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:২৩ অপরাহন, মে ২৩, ২০২৬

দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতে ৬০ হাজার কোটি টাকার বৃহৎ পুনঃঅর্থায়ন ও সহায়তা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুসহ বিভিন্ন খাতে এ তহবিল ব্যবহার করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শনিবার (২৩ মে) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গভর্নর মোস্তাকুর রহমান।

ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্যাকেজের মধ্যে ৪১ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন স্কিম এবং ১৯ হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব সহায়তা কর্মসূচির মাধ্যমে বিতরণ করা হবে। এর মধ্যে বন্ধ শিল্প ও সেবা খাতে ২০ হাজার কোটি টাকা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৫ হাজার কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে ১০ হাজার কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকা এবং অন্যান্য খাতে বিভিন্ন সহায়তা বরাদ্দ রাখা হয়েছে।

কর্মসংস্থানের লক্ষ্য

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, এই তহবিল কার্যকর হলে দেশে ২৫ লাখের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। বিশেষ করে শিল্প, কৃষি, রপ্তানি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। বিদেশে কর্মসংস্থানের জন্য পৃথক বরাদ্দ থেকে প্রায় এক লাখ মানুষের চাকরির সুযোগ সৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।

গভর্নর বলেন, পুনঃঅর্থায়ন স্কিমে বাংলাদেশ ব্যাংক ৪ শতাংশ সুদে অর্থ দেবে। ব্যাংকগুলো সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড রাখতে পারবে। ফলে বড় ঋণগ্রহীতারা ৭ শতাংশ সুদে ঋণ পাওয়ার সুযোগ পাবেন। তবে ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে ব্যবস্থাপনা ব্যয় বেশি হওয়ায় সুদের হার কিছুটা বেশি হতে পারে। বিশেষ করে কর্মসংস্থান ব্যাংকের ছোট ঋণগুলোর ক্ষেত্রে এ হার তুলনামূলক বেশি হতে পারে বলে জানান তিনি।

Nagad

বাংলাদেশ ব্যাংকের আশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বন্ধ শিল্পকারখানা আবার চালু হবে, রপ্তানি ও রেমিট্যান্স বাড়বে, গ্রামীণ অর্থনীতি চাঙা হবে এবং সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে নতুন গতি ফিরে আসবে।