সোমবার থেকে শুরু হচ্ছে টানা ৭ দিনের ঈদের ছুটি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সোমবার (২৫মে) থেকে দেশজুড়ে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। ফলে আজ রোববার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস পার হচ্ছে।
এ বছর আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আগেভাগেই ছুটির সময়সূচি পুনর্বিন্যাস করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ঈদের মূল ছুটির সঙ্গে আগের ও পরের নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে এই দীর্ঘ ছুটি নির্ধারণ করা হয়েছে।
এর আগে মন্ত্রিসভার সিদ্ধান্তে ঈদ উপলক্ষে অতিরিক্ত ছুটি যুক্ত করা হয়, যার ফলে মোট ছুটির মেয়াদ দাঁড়িয়েছে সাত দিনে।
তবে এই সময়ে জরুরি সেবা খাতগুলো চালু থাকবে। হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট ও ডাকসেবা কার্যক্রম ছুটির আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।

