জঙ্গল সলিমপুর থেকে এখনই কাউকে উচ্ছেদ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:১৩ অপরাহন, মে ৩১, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় নতুন কারাগার স্থাপন করবে সরকার। তবে ওই এলাকা থেকে এখনই কাউকে উচ্ছেদ করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৩১ মে) দুপুরে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তবে তিনি সতর্ক করে বলেন, আলীনগর ও জঙ্গল সলিমপুর কোনোভাবেই আর বিচ্ছিন্ন সন্ত্রাসীদের আশ্রয়স্থল বা অভয়ারণ্য হিসেবে থাকতে পারবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। এ এলাকায় সন্ত্রাসীদের আনাগোনা রয়েছে বলেও তথ্য পাওয়া গেছে। সেখান থেকেও তাদের উচ্ছেদ করা হবে।

তিনি আরও বলেন, সাঁড়াশি, যৌথ ও পরিকল্পিত অভিযানের মাধ্যমে সারাদেশে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। এসব অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আইনগত সংস্কারও করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান অপরাধপ্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কিশোর অপরাধ দমনে বিদ্যমান আইনে কিছু সংস্কার প্রয়োজন। অনেক ক্ষেত্রে আইনের ফাঁকফোকর ব্যবহার করে অপরাধীরা গুরুতর অপরাধে জড়িয়ে পড়ছে।

Nagad

এ ছাড়া মাদক নিয়ন্ত্রণে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এতে বছরের পর বছর ঝুলে থাকা মাদক মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল, চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, পুলিশের মহাপরিদর্শক, বিজিবির মহাপরিচালক, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‌্যাব-৭ এর অধিনায়কসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।