সাতদিনের ছুটি শেষে সোমবার খুলছে ব্যাংক, বিমা ও শেয়ারবাজার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:২৩ অপরাহন, মে ৩১, ২০২৬

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে আগামীকাল সোমবার (১ জুন) থেকে খুলছে দেশের সব সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং শেয়ারবাজার।

ছুটি শেষে সোমবার থেকে স্বাভাবিক নিয়মে চালু হবে সব আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম।

গত ২৮ মে দেশে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। ঈদকে কেন্দ্র করে ২৫ মে থেকে শুরু হওয়া সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ব্যাংক, বিমা ও শেয়ারবাজারও একই সময়ে বন্ধ রাখা হয়।

সরকারি ছুটির আগে ও পরে মিলিয়ে মোট সাত দিনের টানা ছুটির সুযোগ পান সরকারি চাকরিজীবীরা। ঈদের আগে ২৩ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকলেও পরবর্তীতে নির্বাহী আদেশে ধারাবাহিকভাবে ছুটি ঘোষণা করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, জরুরি সেবাসমূহ—বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, ডাক ও টেলিযোগাযোগ, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা—ছুটির আওতার বাইরে ছিল।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ছুটি শেষে সোমবার থেকে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে। একই সঙ্গে বিমা প্রতিষ্ঠান ও শেয়ারবাজারেও (লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত) স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে।

Nagad

ঈদ পরবর্তী এই কার্যদিবস শুরুর মাধ্যমে দেশের আর্থিক ও প্রশাসনিক কর্মকাণ্ড পুরোদমে ফিরছে স্বাভাবিক গতিতে।