হজ শেষে শুরু হলো নতুন ওমরাহ মৌসুম, চালু ভিসা আবেদন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৩ অপরাহন, জুন ১, ২০২৬

পবিত্র হজ মৌসুম শেষ হওয়ার পর নতুন ওমরাহ মৌসুমের ভিসা আবেদন ও ইস্যু কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (৩১ মে) থেকে ১৪৪৮ হিজরি সালের ওমরাহ ভিসা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগ্রহী মুসল্লিরা এখন ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন।

ওমরাহ পালনকারীরা সৌদি সরকারের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশের অনুমতি, ওমরাহ পারমিট এবং প্রয়োজনীয় অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন। একই প্ল্যাটফর্ম থেকে হোটেল বুকিংসহ বিভিন্ন সেবাও পাওয়া যাবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ওমরাহ ব্যবস্থাপনাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে সাম্প্রতিক বছরগুলোতে ডিজিটাল সেবার পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।

মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, নতুন মৌসুমে ওমরাহ ভিসা ইস্যুর শেষ সময় ৯ মার্চ ২০২৭। তবে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশ করা যাবে ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত। সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির অংশ হিসেবে হজ ও ওমরাহ সেবার আধুনিকায়নে ইলেকট্রনিক পারমিট ব্যবস্থা, স্বয়ংক্রিয় চুক্তি প্রক্রিয়া, কিউআর কোড যাচাইকরণ এবং পরিবহন ও আবাসন অবকাঠামোর উন্নয়নসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

সৌদি কর্তৃপক্ষের আশা, নতুন মৌসুমে আরও বেশি সংখ্যক মুসল্লি নিরাপদ, সহজ ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে ওমরাহ পালনের সুযোগ পাবেন।

Nagad