ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ, লাঠিচার্জ ও জলকামান ব্যবহার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:২৭ অপরাহন, জুন ১, ২০২৬

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে কয়েকজন আন্দোলনকারী ব্যানার–ফেস্টুন নিয়ে অবস্থান নেন এবং নতুন চেয়ারম্যানের নিয়োগের প্রতিবাদে স্লোগান দেন। পরে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জের পাশাপাশি জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

আন্দোলনকারীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অযথা বলপ্রয়োগ করেছে। তাদের দাবি, নতুন চেয়ারম্যানকে কেন্দ্র করে ব্যাংকের স্বচ্ছতা ও ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, সে কারণেই তারা প্রতিবাদ জানাচ্ছিলেন।

ঘটনার পর ব্যাংক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো এলাকায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Nagad

এর আগে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগের প্রতিবাদে মানববন্ধন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সংগঠনটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, খুরশিদ আলমকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিদায় নিতে হবে।