ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির কার্যক্রমে স্থিতিশীলতা, সুশাসন ও আমানতকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশ্রাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নেবেন। একই সঙ্গে ব্যাংকের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের কাছে প্রয়োজনীয় তথ্য, মতামত ও পর্যবেক্ষণ উপস্থাপন করবেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক খাতে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক বদ্ধপরিকর। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রমে আস্থা ও শৃঙ্খলা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন এবং নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে বিভিন্ন শাখায় অস্থিরতা দেখা দেয়। আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেক গ্রাহক। এ সময় উল্লেখযোগ্য পরিমাণ আমানত উত্তোলনের ঘটনাও ঘটে, যা ব্যাংকটির তারল্য পরিস্থিতি নিয়ে আলোচনার জন্ম দেয়।
ব্যাংক খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের সবচেয়ে বড় শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা পুরো ব্যাংকিং খাতের জন্য গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পদক্ষেপ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

