পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন
ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়েছে।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং কার্যপ্রণালি বিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রস্তাব দুটি গৃহীত হয়।
প্রস্তাব অনুযায়ী, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খানকে সভাপতি করে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি, নাটোর-২ আসনের এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বগুড়া-১ আসনের কাজী রফিকুল ইসলাম, মানিকগঞ্জ-২ আসনের মইনুল ইসলাম খান, নোয়াখালী-৫ আসনের মোহাম্মদ ফখরুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনের মোহাম্মদ শওকতুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসন-৬ এর মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, ঢাকা-১২ আসনের মোহাম্মদ সাইফুল আলম এবং শেরপুর-১ আসনের মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ।
এদিকে, সম্পূরক কার্যসূচি অনুযায়ী সংসদের কার্য উপদেষ্টা কমিটিও পুনর্গঠন করা হয়েছে। ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদকে এ কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে।
কার্য উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে রয়েছেন সংসদ নেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমান, ঢাকা-১৫ আসনের মো. শফিকুর রহমান, কুমিল্লা-১ আসনের ড. খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা-৩ আসনের গয়েশ্বর চন্দ্র রায়, ঠাকুরগাঁও-১ আসনের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম-১১ আসনের আমির খসরু মাহমুদ চৌধুরী এবং কক্সবাজার-১ আসনের সালাউদ্দিন আহমেদ।
পুনর্গঠিত কমিটিতে আরও অন্তর্ভুক্ত হয়েছেন ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল, বরগুনা-২ আসনের নূরুল ইসলাম মণি, ঝিনাইদহ-১ আসনের আসাদুজ্জামান, কুমিল্লা-১১ আসনের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, রংপুর-২ আসনের এটিএম আজহারুল ইসলাম, ঢাকা-১১ আসনের নাহিদ ইসলাম এবং পঞ্চগড়-১ আসনের নওশাদ জমির।
স্পিকার কমিটির নাম ঘোষণা করলে তা সংসদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

