হ্যাটট্রিকে বিশ্বকাপের যৌথ সর্বোচ্চ গোলদাতা মেসি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৬

বিশ্বকাপ মিশনের শুরুতেই দুর্দান্ত এক হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নতুন করে নাম লেখালেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে তিন গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে জায়গা করে নিয়েছেন তিনি।

বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচের ৭৬তম মিনিটে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। একইসঙ্গে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৬-তে। এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডধারী জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করেন আর্জেন্টাইন মহাতারকা।

দ্বিতীয় গোল করার পর থেকেই হ্যাটট্রিকের খোঁজে ছিলেন মেসি। ৬৬তম মিনিটে একক নৈপুণ্যে গোলের সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষ গোলরক্ষকের বাধায় সফল হতে পারেননি। তবে ১০ মিনিট পর আর কোনো ভুল করেননি তিনি।

আক্রমণের সূচনা করে বাঁ প্রান্তে নিকো গঞ্জালেসকে বল দেন মেসি। পরে গঞ্জালেসের রিটার্ন পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে নিখুঁত শটে জালে বল জড়ান তিনি। গোলের পর কানসাস স্টেডিয়ামজুড়ে শুরু হয় দর্শকদের উচ্ছ্বাস।

হ্যাটট্রিক পূর্ণ করার তিন মিনিট পরই মেসিকে মাঠ থেকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। তার পরিবর্তে মাঠে নামেন তরুণ মিডফিল্ডার নিকো পাজ। মাঠ ছাড়ার সময় গ্যালারিতে উপস্থিত হাজারো সমর্থক দাঁড়িয়ে করতালির মাধ্যমে সম্মান জানান আর্জেন্টাইন অধিনায়ককে।

Nagad

পুরো ম্যাচেই আলোর কেন্দ্রবিন্দুতে ছিলেন মেসি। তার নেতৃত্ব ও অসাধারণ নৈপুণ্যে সহজ জয় তুলে নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা।