মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী
ঢাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৭ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯টা ৩৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
এর আগে গুলশানের বাসা থেকে সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, ফ্যামিলি কার্ড বিতরণ এবং জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব কর্মসূচি শেষ করে রাতে ঢাকায় ফিরবেন তিনি।
সিলেট থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌঁছে দুপুর ১টায় ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার দিনের কর্মসূচি শুরু করবেন।
এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজারে উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সেখান থেকে প্রধানমন্ত্রী দুসাই রিসোর্টে দলীয় নেতাদের সঙ্গে আয়োজিত এক সভায় অংশ নেবেন। এরপর বিকেলে ঢাকায় ফেরার উদ্দেশ্যে আবারও সিলেটের পথে রওনা হবেন।
দেড় দশকের বেশি সময় লন্ডন থাকার পর গত বছর ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনি প্রচারাভিযানে মৌলভীবাজার যান তিনি।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রী হিসেবে এবারই প্রথম মৌলভীবাজারে গেছেন তারেক রহমান।

