উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল কলম্বিয়া

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২৬

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে আসরের শুভসূচনা করেছে কলম্বিয়া। ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে লাতিন আমেরিকার দলটি নিজেদের প্রথম ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয়।

বৃহস্পতিবার (১৮ জুন) মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কলম্বিয়া। দ্বিতীয়ার্ধে উজবেকিস্তান সমতায় ফিরলেও শেষ পর্যন্ত আরও দুটি গোল করে জয় নিশ্চিত করে কলম্বিয়ানরা।

ম্যাচের ৩৯তম মিনিটে লুইস দিয়াজের বাড়ানো বল থেকে গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন দানিয়েল মুনোজ। বক্সের ভেতরে দারুণ ফিনিশিংয়ে জালে বল পাঠান তিনি।

প্রথমার্ধে আর কোনো গোল না হলেও পুরো সময়জুড়ে বলের নিয়ন্ত্রণ ছিল কলম্বিয়ার দখলে। ৭২ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে একের পর এক আক্রমণ চালায় দলটি। বিপরীতে উজবেকিস্তান বল দখলে রাখে মাত্র ২৮ শতাংশ সময়। প্রথমার্ধে কলম্বিয়া ৬টি শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হলেও উজবেকিস্তান কোনো শটই নিতে পারেনি।

বিরতির পর ৬০তম মিনিটে ম্যাচে সমতা ফেরায় উজবেকিস্তান। শোমুরোদভের ভলি শট ডিফ্লেক্ট হয়ে ফিরে এলে সুযোগ কাজে লাগিয়ে হেডে গোল করেন আব্বোসবেক ফাইজুল্লায়েভ।

তবে সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ৬৫তম মিনিটে বক্সের ভেতর থেকে ডান পায়ের কোনাকুনি শটে কলম্বিয়াকে আবারও এগিয়ে দেন লুইস দিয়াজ।

Nagad

অতিরিক্ত সময়ের নবম মিনিটে কুকো হার্নান্দেজের ক্রস থেকে নিচু হেডে গোল করে জয় নিশ্চিত করেন জামিন্টন কাম্পাজ। তার এই গোলেই ৩-১ ব্যবধানে ম্যাচ শেষ করে কলম্বিয়া।

এই জয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করল কলম্বিয়া। আগামী ২৪ জুন কঙ্গোর মুখোমুখি হবে দলটি। অন্যদিকে ২৩ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে উজবেকিস্তান।